চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামে তরমুজ খাওয়ার পর এক শিশুর আকস্মিক মৃত্যুকে ঘিরে এলাকায় চরম শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে আহাদ শেখ (বয়স ২ বছর ৩ মাস) নামের শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু ঘটে।
পরিবারের সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় রূপসা বাজার থেকে তরমুজ কিনে আনা হয় এবং পরিবারের কয়েকজন সদস্য তা খান। আহাদও তরমুজ খায় এবং এরপর স্বাভাবিকভাবে চলাফেরা করে ও খেলাধুলা করে। কিন্তু কিছু সময় পর হঠাৎ করে সে শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহ্ মো. আমানত উল্ল্যা পাবেল জানান, প্রাথমিক পর্যবেক্ষণে শিশুটির মৃত্যু শ্বাসনালিতে কোনো বস্তু আটকে যাওয়ার কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তরমুজের বিষক্রিয়া বা অন্য কোনো রোগের আলামত পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম জানান, পরিবার ও চিকিৎসকের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং মৃত্যুর কারণ স্বাভাবিক বলে মনে হওয়ায় এ বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
এই আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মধ্যে খাবার নিরাপত্তা ও শিশুর সুরক্ষা নিয়ে নতুন করে ভাবনার সৃষ্টি হয়




















