চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র প্রেসক্লাব এলাকা। সাধারণত সাংবাদিকদের আনাগোনা আর ব্যস্ত জনজীবনের এক চেনা চিত্র। কিন্তু শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যাবেলায় সেই জায়গাটি যেন রূপ নেয় রুদ্ধশ্বাস অভিযানের মঞ্চে।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে নামে যৌথ বাহিনী। চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও থানার যৌথ অভিযানে ধরা পড়ে তিন কিশোর—আপন (১৯), শিপন (১৯) ও ফারহান (১৮)। বয়স কম হলেও তালিকাভুক্ত অপরাধী হিসেবে ছিল তাদের পরিচিতি।
অভিযান শেষে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপজ্জনক অস্ত্রশস্ত্র—৩টি চাইনিজ কুড়াল, ৩টি রামদা এবং ১টি চাপাতি।
চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, “এরা সবাই চিহ্নিত কিশোর গ্যাং সদস্য। গোপন তথ্যের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।”
গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই।




















