চাঁদপুরের কচুয়া উপজেলায় নেমে এলো শোকের ছায়া। সোমবার (২৮ এপ্রিল) সকালে কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা গ্রামে বজ্রাঘাতে প্রাণ হারালেন এক কৃষাণী, বিশাখা (৩৫)।
হতদরিদ্র কৃষক হরিপদের স্ত্রী বিশাখা প্রতিদিনের মতো সেদিনও বাড়ির পাশের নাহারা মাঠে ধান সংগ্রহ করতে গিয়েছিলেন। হঠাৎ আকাশ কালো করে নেমে আসে মেঘ, আর মুহূর্তেই বিকট শব্দে বজ্রপাত ঘটে। বজ্রাঘাতে বিশাখা মাঠেই লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
বিশাখার আকস্মিক মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শোকাহত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে স্থানীয়রা।




















