নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আজ শনিবার (২৫ মে ২০২৫) সকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমি মেলা ২০২৫”। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য র্যালি, বেলুন ও সাদা কবুতর উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন, বিভিন্ন স্টল পরিদর্শন এবং সেবাপ্রার্থীদের জন্য গণশুনানি। মেলায় আগত নাগরিকরা ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য সহজেই এক জায়গা থেকে গ্রহণের সুযোগ পাচ্ছেন।
মেলার বিশেষ আকর্ষণ ছিল “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় আয়োজিত বৃক্ষরোপণ কার্যক্রম। অনুষ্ঠানে আগত সেবাপ্রার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল শিক্ষার্থীদের মাঝেও চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “ভূমি অফিসে সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত সেবা পান, তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ডিজিটাল ভূমি ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।”
তিনি আরও বলেন, “ভূমি সেবার ক্ষেত্রে কোনো দালালের সহায়তা নেওয়া প্রয়োজন নেই। সবাই যেন সরাসরি অফিসে এসে সেবা গ্রহণ করেন, সে বিষয়ে সচেতন থাকতে হবে।”
ভূমি মেলা-২০২৫ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে ভূমি সেবায় জনসচেতনতা ও জনগণের অংশগ্রহণ আরও বাড়বে।




















