তেজকুনিপাড়া এলাকায় আজ ভোররাতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বিশ্বস্ত গোয়েন্দা সংবাদের ভিত্তিতে, তেজগাঁও সেনা ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করে সেনা সদস্যরা। ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অভিযানে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ১২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ৮২ গ্রাম হেরোইন।
অভিযানের সময় সংশ্লিষ্ট স্থানে কেউ গ্রেফতার না হলেও, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা ও নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ জনগণকে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
এই অভিযান প্রমাণ করে, রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর ও দক্ষ।




















