লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে মহসিন (২২) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ মে ২০২৫) বিকেলে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।
স্থানীয়রা জানান, করপাড়া ইউনিয়নের একটি বাজার এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন মহসিন। এতে পরিবেশের অবনতি ঘটে এবং সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে। খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। জনস্বার্থে এ অভিযান চলবে।”
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।




















