ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও কোরবানির পশুর কেনাবেচায় শৃঙ্খলা নিশ্চিত করতে দেশজুড়ে বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ হাট বসানো, চাঁদাবাজি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
গত ৩০ মে রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর সংলগ্ন কামারপাড়া এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় একটি অবৈধ গরুর হাটে অভিযান চালানো হয়। অভিযানে জোরপূর্বক গরু ব্যবসায়ীদের নির্দিষ্ট হাটে বিক্রি করতে বাধ্য করার অভিযোগে একাধিক ব্যক্তিকে আটক করা হয়।
পরদিন, ৩১ মে বিকেল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় চারজনকে হাতেনাতে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান ঈদের আগামি দিনগুলোতেও অব্যাহত থাকবে।
সূত্র -সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী




















