রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পাশে অবস্থিত চামড়া প্রক্রিয়াজাত ও সংরক্ষণ কেন্দ্রের দুর্গন্ধে পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন পলাশ। তিনি এসব কেন্দ্র অপসারণ, গুদাম সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং ফ্যাসিস্টমুক্ত ন্যায়সংগত ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন।
৩ জুন মঙ্গলবার রামগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ দাবি উত্থাপন করেন।
গিয়াস উদ্দিন পলাশ বলেন, “ঈদের মৌসুমে চামড়া সংরক্ষণ কেন্দ্রগুলোর কারণে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পথচারীরা এই সড়ক দিয়ে হাঁটতে গিয়ে দুর্ভোগের শিকার হন। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এই কেন্দ্রগুলো দ্রুত অপসারণ জরুরি।”
তিনি আরও বলেন, “গুদাম সিন্ডিকেটের কারণে চামড়ার ন্যায্য মূল্য থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। সেই সঙ্গে ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করে রাজনৈতিক প্রভাবমুক্ত যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দিতে হবে।”
সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















