শামীম হোসেন সুজন, সোনাতলা(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় বৃহস্পতিবার (১১ জুন) রাতে সোনাতলা উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ (৪১)কে
তার নিজ বাড়ি থেকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবু লায়েছ হোসেন নাহিদ উপজেলার পাকুল্লা দহপাড়া গ্রামের মোজাম্মেল হোসেনের পুত্র।
থানা সুত্রে জানা যায়, ২৭শে আগস্ট ২০২৪ সালের মামলা নং ১১, নামাজখালি গ্রামের বিকাশ কুমার ঘোষ বাদী হয়ে ৯২ জন নামীয় এবং ২০/২৫ জন অজ্ঞাত আসামী করে সোনাতলা থানায় নাশকতার মামলা দায়ের করেন। সোনাতলা থানার অফিসার্স ইনচার্জ মিলাদুন্নবীর নির্দেশনায় সাব ইন্সপেক্টর শামীম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ রাত প্রায় ৩টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
থানা অফিসার ইনচার্জ মিলাদুন্নবী জানান, গ্রেফতারকৃত উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ মামলার বাকি আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
এছাড়াও উপজেলার রংরারপাড়া গ্রামের জনাব আলীর পুত্র মিঠু মিয়া (৫৫), চর মধুপুর গ্রামের ইব্রাহিম হোসেনের পুত্র শিহাব হোসেনকে নারী শিশু মামলায় আটক করে আদালতে প্রেরণ করেছে।




















