‘সভ্য ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামই একমাত্র কার্যকর পন্থা, ইসলামই মুক্তির মূলমন্ত্র’ এই প্রতিপাদ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, হাজীগঞ্জ উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান।
উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের কাজিরগাঁও এলাকার আল-কারীম মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মো. ইমরান মাজহারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ছাত্র আন্দোলন শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি আদর্শিক কাঠামো। যা ছাত্র সমাজের মাঝে ইসলামী চেতনা জাগিয়ে তোলে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, মানুষকে তাদের প্রকৃত অধিকার ফিরিয়ে দেওয়া।
ইসলামই একমাত্র মুক্তির পথ উল্লেখ করে তিনি বলেন, গত ৫৩ বছরে বহু সরকার পরিবর্তিত হলেও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। ভোটাধিকার, ন্যায়বিচার ও ইনসাফ এখনো অনুপস্থিত। ইসলামী আন্দোলন বিশ্বাস করে, যতক্ষণ না ইসলাম দেশের সংবিধানে প্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
আদর্শ সমাজ গঠনে ছাত্র সমাজের ভূমিকা উল্লেখ করে উপস্থিত বক্তারা বলেন, ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিটি কর্মীকে আদর্শ চরিত্র গঠন, জ্ঞান অর্জন এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। আগামী প্রজন্মকে নেতৃত্বের উপযোগী করে তুলতে হবে। আমরা চাই, একটি নৈতিকতা-ভিত্তিক, ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ। এ লক্ষ্য বাস্তবায়নে ছাত্র সমাজকেই এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ডি.এম ফয়সাল, দ্বীনি সংগঠন মুজাহিদ কমিটির উপজেলা ছদর আলহাজ্ব মোরশেদ আলম, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মোহাম্মদ আলী পাটোয়ারী, উপদেষ্টা মাও. যোবায়ের আহমাদ, সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সরদার, মো. শাহাদাত হোসেন প্রধানীয়া, সেক্রেটারী মো. এমদাদুল হক সুমন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, উপজেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি আনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি নূরে আলম সিদ্দিকী, শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন নিপু। বক্তব্য শেষে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
এতে সভাপতি হলেন মো. ইমরান মাজহারী, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক আল আমিন সাইফি। এসময় নবগঠিত কমিটির সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন অতিথিবৃন্দ। শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের সমৃদ্ধি ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।



















