এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে চাঁদপুরের হাজীগঞ্জ ও কচুয়া উপজেলায় নিয়মিত অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (০১ জুলাই ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে হাজীগঞ্জ সদর আর্মি ক্যাম্প থেকে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এতে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযানের অংশ হিসেবে হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হয়। এ সময় পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয় এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে নেওয়া হয় বাড়তি পদক্ষেপ।
বাহিনীর সদস্যরা জানান, পরীক্ষাকেন্দ্রে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, নকল বা অনিয়ম না ঘটে, সেজন্য কঠোর নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ কার্যক্রম দমন ও আইনের শাসন বজায় রাখতে তারা সর্বদা সতর্ক রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ধরনের অভিযান পরীক্ষার পুরো সময়জুড়ে চলমান থাকবে।




















