সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ : বগুড়ার সোনাতলায় পুলিশ পরিচয়ে অনলাইনে জুয়া খেলার অভিযোগে বুধবার ২রা জুলাই দিবাগত রাত প্রায় ১১টার সময় ভয় দেখিয়ে উপজেলার কাতলাহার গ্রামের ওয়ালিদ এর কাছে থেকে ৭০ হাজার টাকা নিয়ে ফেরার পথে পুলিশের পিকআপসহ ৭ জনকে আটক করেছে বগুড়া জেলা পুলিশ।
আটককৃতরা হলেন, বগুড়া ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল গাড়িচালক আল হাদী (২৭), এবং তার সহযোগী তারেক রহমান (২৫), শাহরিয়ার রহমান (২৬), আবিদ হাসান (২৬), সাদিক আকবর (২৬), আব্দুল্লাহ (১৮) ও সাকিল মিয়া(২৬)। আটককৃতরা বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ও সোনাতলার সৈয়দ আহম্মেদ কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এপিবিএন সদস্য আল হাদীর গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার চারালকান্দি গ্রামে। পার্শ্ববর্তী কাতলাহার গ্রামের শফিকুর রহমান ফটুর ছেলে ওয়ালিদ অনলাইন জুয়া খেলে। এমন খবর আল হাদী তার চাচাতো ভাই তারেক রহমানের মাধ্যমে পান। এরপর আটককৃতরা বুধবার রাতে এপিবিএন’র ডাবল কেবিন পিকআপ নিয়ে কাতলাহার গ্রামে যায়। সেখানে তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে ওয়ালিদকে আটকের চেষ্টা করে। এসময় ওয়ালিদের বাবা তাদেরকে ৭০ হাজার টাকা দেন। টাকা নিয়ে পুলিশের পিকআপ সেখান থেকে রওনা করলে শফিকুর রহমান ফটুর সন্দেহ হয়, জাতীয় পরিসেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানান। এরপর গাবতলী ও সদর থানা পুলিশ পিকআপটি আটকের জন্য অভিযানে নামেন। রাত দেড়টার দিকে সাবগ্রাম দ্বিতীয় বাইপাসে পুলিশের পিকআপটি আটক করে সদর থানা হেফাজতে নেয়া হয়।
থানা হাজতে আটক এপিবিএন সদস্য আল হাদী জানান, কাতলাহার গ্রামের ওয়ালিদ অনলাইন জুয়ায় টাকা লাগায়। তাকে পুলিশের ভয় দেখিয়ে টাকা আদায়ের জন্য পুলিশের গাড়ি নিয়ে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সেখান যান। এরপর ওয়ালিদের বাবা শফিকুর রহমান ফটু স্বেচ্ছায় তাদেরকে ৭০ হাজার টাকা দেন। টাকা নিয়ে ফেরার পথে সদর থানা পুলিশ তাদেরকে আটক করে।
বগুড়া ৪র্থ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) শহীদ আবু সরোয়ার জানান, ড্রাইভার কনস্টেবল আল হাদী কাউকে না জানিয়ে সরকারি গাড়ি নিয়ে নিজ দায়িত্বে বাইরে যান। পরে বগুড়া জেলা পুলিশের হাতে আটক হয়ে সদর থানা হেফাজতে রয়েছেন। সরকারি গাড়িটি জেলা পুলিশ এপিবিএনে হস্তান্তর করেছে। কনস্টেবল আল হাদীর বিরুদ্ধে আইনগত এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সোনাতলা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




















