চাঁদপুরের কচুয়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার হতাশায় মাহমুদা আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা চাঁদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মাহমুদা ওই গ্রামের চকিদার বাড়ির জসিম উদ্দিনের মেয়ে এবং চাঁদপুর এম. এ. খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মাহমুদা এক বিষয়ে ফেল করে। এ খবরে সে মানসিকভাবে ভেঙে পড়ে। একইদিনে তার নানা মৃত্যুবরণ করলে পরিবারের সদস্যরা মাহমুদাকে একা রেখে নানার বাড়ি নূরপুর গ্রামে চলে যান।
মাহমুদার চাচা শাহআলম জানান, শুক্রবার সকালে তার মা বারবার ফোন করলেও মাহমুদা ফোন রিসিভ করেনি। বিষয়টি সন্দেহজনক মনে হলে বাড়ির অন্যদের খোঁজ নিতে বলেন। ঘরের দরজা-জানালা বন্ধ পেয়ে ডাকাডাকির পর জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, মাহমুদা ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মাহমুদার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জিয়াউল হক জানান, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”




















