চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এক সফল অভিযানে আটক হয়েছেন একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। শনিবার (১৩ জুলাই ২০২৫) ভোর ৬টা ৫০ মিনিটে উপজেলার জাদবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জেলা আইনশৃঙ্খলা রক্ষায় গঠিত যৌথ বাহিনীর নেতৃত্বে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম বেলায়েত হোসেন (৫২)। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
অভিযানের সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এবং মাদক নির্মূলে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে যৌথ বাহিনী। এসব অভিযানে একের পর এক অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে।
অভিযান শেষে গ্রেফতারকৃত বেলায়েত হোসেনকে উদ্ধারকৃত ইয়াবাসহ শাহরাস্তি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় এলাকাবাসী এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা করছেন, নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকলে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হবে।




















