হাজীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলাল ভুঁইয়ার (৬২) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৪ জুলাই) বাদ আছর হাটিলা পূর্ব ইউনিয়নের পূর্ব হাটিলা জামে মসজিদে দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বাদ জোহর চাঁদপুর বাস টার্মিনাল জামে মসজিদে মরহম দেলোয়ার হোসেন দুলালের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এদিন সকালে তিনি তাঁর চাঁদপুরস্থ নিজ বাসভবনে হৃদরোগজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, হাটিলা পূর্ব ইউনিয়নের পূর্ব হাটিলা গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি উপজেলা শ্রমিক দলের সভাপতি পদে দায়িত্বরত ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক।
এছাড়াও শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান, শ্রমিক দলের কেন্দ্রিয় সভাপতি আনোয়ার হোসেন পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন।




















