চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলায় অবৈধ ও লাইসেন্সবিহীন ফার্মেসি ও বেকারির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন।
সোমবার, ১৫ জুলাই ২০২৫ দুপুর ১২টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে স্টেডিয়াম রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সেনাবাহিনীর সদস্যরা।
অভিযানকালে লাইসেন্স ছাড়া ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং স্বাস্থ্যবিধি না মেনে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা ও একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাৎক্ষণিকভাবে এই জরিমানা আদায় করা হয়। জনস্বাস্থ্য রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও সাধারণ জনগণকে সচেতন করতেই এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।
সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতেও জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।




















