চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় চলমান এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে।
সোমবার (১৫ জুলাই ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের একটি দল ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অভিযান পরিচালনা করে। এ সময় পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তা পরিস্থিতি, শৃঙ্খলা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সার্বিক তদারকি করা হয়।
অন্যদিকে, একই দিন ভোর ৬টায় কচুয়া উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলোতেও অভিযান চালায় মজিগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনীর একটি দল। পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে দেখে তারা শান্তিপূর্ণ পরিবেশ এবং নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও সতর্কতা প্রদান করে।
উভয় অভিযানে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সেনাবাহিনীর তৎপরতায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং অভিভাবক মহলও সন্তোষ প্রকাশ করে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অবৈধ কার্যক্রম প্রতিরোধ, নিরাপত্তা রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে তাদের এই তদারকি অব্যাহত থাকবে।




















