চাঁদপুর জেলার শাহরাস্তি ও সদর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে দুই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
প্রেস ব্রিফ সূত্রে জানা যায়, ১৬ জুলাই ২০২৫ তারিখে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের হাজীগঞ্জ ও সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে রাত ৯টা ৪০ মিনিটে শাহরাস্তি উপজেলার শোরশাক এলাকা থেকে মোঃ আরমান আলী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা।
অপর অভিযানে ভোর ৬টা ১০ মিনিটে চাঁদপুর সদর উপজেলার কোড়ালিয়া এলাকা থেকে মোঃ মান্নান (৩৪) নামের আরও একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর জেলায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস দমন কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়।




















