চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনারাজদী এলাকায় অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন ও ভুয়া মোড়ক ব্যবহার করায় “ফারিয়া ফুড” নামক একটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি দেশের বিখ্যাত ব্র্যান্ড ‘প্রাণ’ ও ‘বিস্ক ক্লাব’-এর মতো প্রতিষ্ঠানের নকল প্যাকেজিং ব্যবহার করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল।
১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে সেনাবাহিনী এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, ফারিয়া ফুড কারখানাটি কোনো অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন করে বাজারজাত করছিল। এতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছিল বলে জানান অভিযান সংশ্লিষ্টরা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী সংস্থা জানায়, জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সেনাবাহিনীর সহযোগিতায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।



















