ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পোড়াবাড়ি বাজারের পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় এবং মঠবাড়ী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে স্বপ্নবিলাস উম্মুক্ত পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে “বৈচিত্র্যের বনানী” স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। পাঠাগারটির পক্ষ থেকে মোট ৫০টি গাছের চারা রোপণ করা হয়, যার মধ্যে ফলজ, বনজ এবং ঔষধি প্রজাতির গাছ ছিল।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বপ্নবিলাস উম্মুক্ত পাঠাগারের সাধারণ সম্পাদক মৃদুল হাসানসহ অন্যান্য সংগঠকবৃন্দ। এছাড়াও ফলদ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে রাতুল মুন্সিও উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে এই ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে গাছ লাগিয়ে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলার লক্ষ্যও তাদের।




















