বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে মাটির নিচে পুঁতে রাখা দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই মোটরসাইকেল চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ আগস্ট ২০২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন্নবী এর নির্দেশনায় থানার এএসআই মো. হোসেন আলী ফোর্সসহ পাকুল্লা খাটিয়ামারিচরে অভিযানে যান। অভিযানের সময় আসামি মো. তোজাম্মেল হোসেন ব্যাপারী (৩৭) পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেখানো মতে নিজ বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
একটি লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন ১০০ সিসি Bajaj CT 100 (আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা)। একটি কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি Suzuki Gixxer SF (আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তোজাম্মেল হোসেন মোটরসাইকেল চুরির সঙ্গে তার আরও সহযোগীর সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সোনাতলা থানায় মামলা নং-২১, তারিখ ১৮ আগস্ট ২০২৫, ধারা ৩৭৯/৪১৩/৩৪ দণ্ডবিধি অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।




















