চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২০ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় কচুয়ার মোনারপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলম (৬০) কে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত শাহ আলমকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
যৌথ বাহিনী জানিয়েছে, চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কচুয়া ও আশপাশের এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণ যৌথ বাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে।




















