‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৎস্যজীবীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা ও হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্ল্যাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার এবং মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম। অনুষ্ঠান পরিচালনা করেন মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান।
হাডুডু খেলায় অংশ নেয় ফুলচান বর্মন দল ও মহাবীর বর্মন দল। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় মহাবীর বর্মন এর দল ৪ পয়েন্টে জয়লাভ করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রমকে প্রাণবন্ত করে তুলতে মৎস্যজীবীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমাদের ঐতিহ্যবাহী খেলাধুলাও টিকিয়ে রাখতে হবে। হাডুডু বাংলার প্রাণের খেলা, এ খেলা টিকিয়ে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, দেশি মাছের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকার কাজ করছে। এ কার্যক্রমে সকলে আন্তরিকভাবে অংশ নিলে আমরা দেশি মাছের ভাণ্ডার সমৃদ্ধ করতে পারব।
খেলায় স্থানীয় এলাকাবাসী ও মৎস্যজীবীরা ব্যাপক উৎসাহ নিয়ে উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতা ও হাডুডু খেলা
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৮:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- 24
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















