চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ আরিফ তফাদার (৩৬) গ্রেফতার হয়েছেন। সোমবার (২৬ আগস্ট ২০২৫) রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার বেলচোঁ বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃত আরিফ তফাদারের কাছ থেকে ১১০ পিস ইয়াবা, নগদ ৯ হাজার ৯৫০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, মাদক ব্যবসা ধ্বংস ও সমাজকে সুরক্ষিত রাখতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, এই ধরনের অভিযানের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা তাদের অন্যতম লক্ষ্য।
গ্রেফতারের পর মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত মালামাল হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্থানীয়রা এই অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।




















