বগুড়ার সোনাতলায় কর্পূর দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে এসেম্বলি শেষে কিছু শিক্ষার্থীর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে এলাকায়। ঘটনাটি ঘটে গতকাল বুধবার ২৭শে আগষ্ট সকাল সাড়ে ৯টার দিকে।
শরীরচর্চা শিক্ষক সফি আলম ও ছাত্রছাত্রীরা জানান, এসেম্বলি শেষে শিক্ষার্থীরা যখন শ্রেণিকক্ষে প্রবেশ করছিল, তখন ১০ম শ্রেণির ৫জন ছাত্র সৈকত, ইসমাইল, রাশেদ, মইনুদ্দিন, নিরব উচ্চস্বরে বারবার ‘জয় বাংলা’ স্লোগান দেয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তহসিনা সুলতানা বলেন, উচ্ছৃঙ্খল আচরণ বা শৃঙ্খলা ভঙ্গ কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, তাদেরকে শাসানো হয়েছে এবং জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা এতো সাহস কোথা থেকে পেলে, এটা তো অন্যায়। তাদের অভিভাবকদেরকে ডাকা হয়েছে আজকে তদন্ত কমিটি করে দেবো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তিনি আরো জানান, একজন ছাত্রের অভিভাবক সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ইব্রাহিম, তিনি আওয়ামী লীগ করতেন। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি, এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল হক জানান, আমি ইউএনও স্যারের মাধ্যমে ঘটনাটি শুনে এখানে এসেছি, অভিযুক্ত পাঁচজন ছাত্রের মধ্যে চারজন স্কুলে উপস্থিত হয়েছে।
তাদের জিজ্ঞাসা করলে তারা বিষয়টি স্বীকার করে যে, কৌতুক করে এটা করেছে। তারা কোন দল করে না এবং লিখিত দিয়েছে এ ধরনের কোন কর্মকান্ড আর কোনদিন ঘটাবে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে। এবং খুব শিগগিরই তদন্ত করে স্কুল কর্তৃপক্ষকে যথাযথ নির্দেশনা দেওয়া হবে।
অভিযুক্ত ছাত্ররা জানান, তারা এটা ভুল করেছেন এজন্য তারা অনুতপ্ত এ ধরনের আচরণ কখনোই করবেন না।
কয়েকজন অভিভাবক বলেন, যারা শ্রেণিকক্ষে বিশৃঙ্খলা করছে, তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ না করলে পড়াশোনার পরিবেশ নষ্ট হবে।




















