বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে এক জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় র্যালি।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশ শেষে রঙিন ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী ও যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝি। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিমসহ দলীয় শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ নির্বাচন না হলে কঠোর আন্দোলন শুরু হবে।
এ সময় বক্তারা আরও উল্লেখ করেন, চাঁদপুরের রাজপথ বিএনপির নেতাকর্মীদের অধীনেই থাকবে এবং কোনো শক্তিকেই এ ক্ষেত্র দখল করতে দেওয়া হবে না।
র্যালিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি জেলার ৩০টিরও বেশি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশ নেন, যা পুরো আয়োজনকে উৎসবমুখর রূপ দেয়।




















