চাঁদপুর জেলায় মাদকবিরোধী অভিযানে যৌথ বাহিনী আবারও সফলতা অর্জন করেছে। শনিবার (০৫ সেপ্টেম্বর ২০২৫) গভীর রাতে সদর উপজেলার বহরিয়া এলাকায় এক অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ মিলন মিজি (৩৫) গ্রেফতার হন।
গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মিলন মিজির কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
অভিযান শেষে গ্রেফতারকৃত মিলন মিজি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। এই ধারাবাহিক অভিযানের ফলে মাদক নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।




















