চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে যৌথ বাহিনী। শুক্রবার গভীর রাতে উপজেলার বালুর চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকের বিস্তার রোধে স্থানীয় জনগণ উদ্বিগ্ন ছিল। মাদক ব্যবসায়ীদের কারণে অনেক পরিবারে অশান্তি বিরাজ করছিল, যুব সমাজ আসক্তির অন্ধকারে ডুবে যাচ্ছিল। এ অবস্থায় চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করে।
অভিযানে আটককৃতরা হলেন খোকন হোসেন (৪০), গোলাম হোসেন (৪৩), নিয়ামত (৭০), রাজিব (৩০), আক্তার (৫০) এবং ওয়ালিউল্লাহ (৪০)। তাদের নিকট থেকে ১০০ গ্রাম গাঁজা, ২টি গাঁজা সেবনকারী ফিল্টার, ২টি গ্যাস লাইট এবং ২টি গাঁজা কাটার মেশিন উদ্ধার করা হয়।
অভিযান শেষে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের মতলব উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এ ধরনের অভিযান চলমান থাকলে এলাকায় শান্তি ফিরে আসবে বলে আশা করছে স্থানীয় বাসিন্দারা।




















