চাঁদপুরে অ্যাম্বুলেন্সের ভেতরে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে (২৪) ধর্ষণের অভিযোগে চালক মো. মুরাদ হোসেনকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর স্বজনরা চালকসহ আরও কয়েকজনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেছেন।
পুলিশের তথ্যমতে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা এলাকায় ঘটনাটি ঘটে। রাত সোয়া ১২টা থেকে সাড়ে ৩টার মধ্যে টহলরত পুলিশ একটি অ্যাম্বুলেন্স সড়কের পাশে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। তল্লাশি চালিয়ে তারা মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে এবং চালক মুরাদকে আটক করে থানায় নিয়ে যায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, “জানতে পেরেছি ওই নারী মানসিক ভারসাম্যহীন। প্রায়ই নিজ বাড়ি থেকে বের হয়ে যেতেন। লক্ষ্মীপুর বাসস্ট্যান্ডে ঘোরাঘুরি অবস্থায় অ্যাম্বুলেন্স চালক তাকে গাড়িতে তোলে। এরপরেই ধর্ষণের ঘটনা ঘটে। ইতোমধ্যে তার আত্মীয় থানায় মামলা করেছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।”
গ্রেফতার মুরাদ চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার বাসিন্দা ও মোস্তফা ব্যাপারীর ছেলে। তিনি ‘আনঞ্জুমান’ নামের একটি অ্যাম্বুলেন্স ভাড়ায় নিয়ে চালাতেন। স্থানীয় সূত্র বলছে, মুরাদের বিরুদ্ধে আগে থেকেই রোগী পরিবহনের সময় অনিয়ম ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ছিল। অনেক সময় তিনি চাঁদপুর থেকে ঢাকায় নেওয়া রোগীদের নির্ধারিত হাসপাতালে না নিয়ে অন্যত্র নিয়ে যেতেন।
পরিবার জানায়, ওই তরুণী মানসিক সমস্যায় ভুগছেন এবং স্বামী পরিত্যক্তা। বাবা-মায়ের সঙ্গে থাকতেন তিনি। ৪ সেপ্টেম্বর দুপুরে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে যান এবং আর ফেরেননি। স্বজনরা অনেক খোঁজ করেও তাকে পাননি। অবশেষে শনিবার (৬ সেপ্টেম্বর) পুলিশ হেফাজতে থাকার খবর পেয়ে তার সন্ধান মেলে।
চাঁদপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ মিললে তাদেরও গ্রেফতার করা হবে।




















