চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে জেলার সর্বত্র দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চলছে। এই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সদর উপজেলার ক্লাব রোড এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ সুমন (৩৪) কে আটক করা হয়। তার কাছ থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত সুমনকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, চলমান এ ধরনের অভিযানে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, যা সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও নিরাপত্তার পরিবেশ সৃষ্টি করেছে।




















