চাঁদপুর জেলায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুইজন তালিকাভুক্ত জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) গভীর রাতে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে রামদাশবাগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মোঃ হুমায়ুন কবির (৪০) ও নাজির হোসেন (৬০) নামের দুইজনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ১ হাজার ৩০০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করে যৌথ বাহিনী। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামাল ও আটককৃতদের ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী ও জুয়াড়িদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।




















