চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের মালি বাড়ীর দিনমজুর দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে নিলয় মাত্র ১০ বছর বয়সেই ফুটবল মাঠে এক বিস্ময়কর প্রতিভার পরিচয় দিয়েছে। সমবয়সীদের তুলনায় নিলয় অনেক বেশি পারদর্শী ড্রিবলিং, বল কন্ট্রোল, দ্রুত দৌড়, সঠিক পাস ও নির্ভুল শটে। মাঠে তার খেলা দেখে এলাকাবাসী যেমন আনন্দিত হন, তেমনি ভবিষ্যৎ নিয়ে আশাবাদীও হয়ে উঠছেন।
শৈশব থেকেই ফুটবলের প্রতি প্রবল আকর্ষণ রয়েছে নিলয়ের। প্রতিদিন স্থানীয় মাঠে অনুশীলন করে ধীরে ধীরে নিজের দক্ষতা বাড়াচ্ছে সে। খেলার প্রতি তার মনোযোগ ও একাগ্রতা অন্য শিশুদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠছে।
নিলয়ের প্রিয় খেলোয়াড় ব্রাজিলের বিশ্বখ্যাত ফুটবল তারকা নেইমার জুনিয়র। নেইমারের খেলা দেখে অনুপ্রাণিত হয়েই নিলয় স্বপ্ন দেখছে, একদিন জাতীয় দলে খেলে দেশের জন্য গৌরব বয়ে আনবে।
তবে স্বপ্ন পূরণের পথে বড় বাধা আর্থিক অনটন। দিনমজুর বাবা দুলাল চন্দ্র বিশ্বাস সংসারের খরচ মেটাতেই হিমশিম খান। এ অবস্থায় নিলয়কে ভালো মানের ফুটবল একাডেমিতে ভর্তি করানো তার পক্ষে সম্ভব নয়। তবুও ছেলের প্রতিভা ও ইচ্ছাকে সমর্থন জানিয়ে সাধ্যের মধ্যে যা পারেন সহযোগিতা করে যাচ্ছেন তিনি।
নিলয়ের ইচ্ছা, সে ভালো মানের একটি একাডেমিতে ভর্তি হয়ে পেশাদার প্রশিক্ষণ নেবে। তার বিশ্বাস—সঠিক সুযোগ ও প্রশিক্ষণ পেলে একদিন জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে পারবে।
এলাকাবাসীর প্রত্যাশা, যদি সমাজের দায়িত্বশীল ব্যক্তি বা প্রতিষ্ঠান নিলয়ের দায়িত্ব নেন, তবে সে ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলবে এবং হাজীগঞ্জ তথা গোটা দেশকে গর্বিত করবে।
দিনমজুর বাবার ঘামঝরা আয় আর সন্তানের বড় স্বপ্নের এই গল্প এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। নিলয় যেন প্রমাণ করে দিচ্ছে—সুযোগ ও সহযোগিতা মিললে প্রতিভা কোনো বাধা মানে না।




















