চাঁদপুরে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে সদর ও ফরিদগঞ্জ উপজেলা থেকে দুই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক উদ্ধার করা হয়।
যৌথ বাহিনী জানায়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে জেলার দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর ভোর রাতে পৃথক দুটি অভিযান চালানো হয়।
চাঁদপুর সদর উপজেলার পুতান বাজার এলাকায় ভোর রাত ২টায় যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। এসময় হাবিবুর রহমান ডিজি (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বাড়ির নিকট থেকে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে পরবর্তীতে চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া একই দিন রাত সাড়ে ১২টার দিকে ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে কালু গাজী (২৪) নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, চাঁদপুর জেলায় মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















