লক্ষ্মীপুরের রামগঞ্জ যেন ক্রীড়াঙ্গনে পেল নতুন আনন্দের উপলক্ষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এলাকারই ক্রীড়া সংগঠক ও সাংবাদিক এনামুল আহসান রুবেল।
বহুমাত্রিক পরিচয়ের এই তরুণ দীর্ঘদিন ধরে রামগঞ্জ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে কাজ করছেন। মাঠে-ময়দানে ক্রিকেটের উন্নয়ন, নতুন খেলোয়াড় গড়ে তোলা, আর তরুণদের খেলাধুলায় ফিরিয়ে আনার ক্ষেত্রে তাঁর অক্লান্ত পরিশ্রম ইতোমধ্যেই সবার প্রশংসা কুড়িয়েছে।
রুবেল নির্বাচিত হওয়ায় রামগঞ্জ ও লক্ষ্মীপুর জুড়ে ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে বইছে আনন্দের স্রোত। শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন তিনি। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় ক্রীড়ামোদীরা মনে করছেন, বিসিবিতে প্রতিনিধিত্ব করার মাধ্যমে রামগঞ্জসহ পুরো লক্ষ্মীপুর জেলার খেলাধুলায় নতুন গতি আসবে। বিশেষ করে স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ আরও প্রসারিত হবে।
রামগঞ্জের মাঠ থেকে উঠে আসা এই ক্রীড়া সংগঠক এখন জাতীয় ক্রিকেট প্রশাসনের অংশ—এটি নিঃসন্দেহে এলাকার জন্য বড় গৌরবের বিষয়।




















