চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনাল। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে মতলব উত্তর উপজেলা ফুটবল একাদশ ১-০ গোলে পরাজিত করে শক্তিশালী চাঁদপুর সদর উপজেলা ফুটবল একাদশকে। এ জয়ের মাধ্যমে মতলব উত্তর উপজেলা সর্বশেষ দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল। আগামী ৩ অক্টোবর ফাইনাল খেলবে ১ম সেমিফাইনালে শাহরাস্তিকে হারিয়ে ফাইনালে ওঠা ফরিদগঞ্জ উপজেলার বিপক্ষে।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধের ১৪ মিনিটের মাথায় গোলের দেখা পায় মতলব উত্তর। ফরোয়ার্ড থেকে ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওমরসানী মুন্সী দারুণ এক গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেয়। গোল হজম করার পর চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল সমতায় ফেরার চেষ্টা চালালেও মতলব উত্তরের শক্তিশালী ডিফেন্স ও গোলরক্ষকের দৃঢ়তায় তা সম্ভব হয়নি। ফলে প্রথমার্ধ খেলা শেষ হয় ১-০ লিডে।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে চাঁদপুর সদর উপজেলা একাদশ। দ্বিতীয়ার্ধে উভয়দল কয়েকবার গোল বারে আক্রমণ করলেও প্রতিবারই ব্যর্থ হয়। উত্তেজনাপূর্ণ খেলা শেষ হয় ১-০ গোলের ব্যবধানে।
ম্যাচজুড়ে দারুণ পারফরম্যান্সের জন্য মতলব উত্তরের খেলোয়াড় ওমরসানী মুন্সী নির্বাচিত হন ম্যাচসেরা। সেমি ফাইনাল ট্রফি প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন আর ডিসি আল এমরান খান, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার রহমত উল্লাহ, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রথম, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসিফ মাহমুদ সংগ্রাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব সহ অন্যান্যরা।
স্টেডিয়ামে খেলা দেখতে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক। মতলব উত্তরের গোলের সময়েই দর্শকরা উল্লাসে মেতে ওঠে। খেলা শেষে মাঠে সমর্থকরা খেলোয়াড়দের অভিনন্দন জানায় এবং ফাইনালের জন্য উৎসাহ প্রদান করে। এখন পুরো উপজেলার ক্রীড়াপ্রেমীরা ফাইনালের লড়াইয়ের অপেক্ষায় আছে। সমর্থকদের প্রত্যাশা, এবারের আসরে শিরোপা ঘরে তুলবে মতলব উত্তর।
RK / SAIF




















