চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একাধিক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দুষ্কৃতিকারীদের দমন করতে চলমান এই অভিযানে উদ্ধার হয়েছে ইয়াবা, গাঁজা ও বিভিন্ন সামগ্রী।
গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এ ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সদর উপজেলার দুটি এলাকায় একযোগে অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে দুপুরে কোড়ালিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোশারফ (৩২), লিটন (৩৫) এবং কাওসার (৩৩) কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অপরদিকে একইদিন সকালে সদর উপজেলার বহরিয়া এলাকায় আরেকটি অভিযানে যৌথ বাহিনী তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. শাহজান গাজী (৫০) কে গ্রেফতার করে। তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা, ৭৫ গ্রাম গাঁজা এবং একটি মোবাইল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, চাঁদপুর জেলায় মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।
RK / SAIF




















