বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দ্বিতীয় ধাপের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, পহেলা অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে গণসংযোগ অনুষ্ঠিত হবে। এরপর ১০ অক্টোবর ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে। আর ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা দেখতে পাচ্ছি জনগণের আন্দোলনের কোনো প্রতিফলন হচ্ছে না। সরকারের উচিত আমাদের ৫ দফা দাবি মেনে নেওয়া।” তিনি আরও বলেন, “যদি সরকার জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে, তাহলে দেশের জনগণ তাদের দাবির বাস্তবায়নের জন্য রাজপথে আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হবে।”
দলটির নেতারা জানিয়েছেন, গণসংযোগ কর্মসূচির মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হবে এবং গণমিছিলের মাধ্যমে রাজনৈতিক বার্তা কার্যকরভাবে পৌঁছে দেওয়া হবে। এছাড়া স্মারকলিপি প্রদানের মাধ্যমে সরকারের কাছে দলের দাবি জানানো হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই কর্মসূচি দলের সক্রিয় উপস্থিতি ও রাজপথে তাদের প্রভাব দৃঢ় করবে।
RK / SAIF




















