রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিদেশগামী ফ্লাইট ধরতে গেলে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমিগ্রেশন পুলিশ আটকের পর বিমানবন্দর থানায় বিষয়টি অবহিত করে এবং আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে এসআই আরিফুর রহমান সরকারের নেতৃত্বে একটি বিশেষ টিম শাহীনকে থানায় নিয়ে আসে।
থানা সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার ভিত্তিতে দীর্ঘদিন ধরেই তিনি নজরদারির আওতায় ছিলেন। অবশেষে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
শাহীনকে আটক করার খবর ফরিদগঞ্জে পৌঁছালে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এলাকায় যুবলীগের বিভিন্ন শাখা এ নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানায়। অনেকেই গ্রেপ্তারের ঘটনাকে রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত বলে মনে করছেন।
শাহীনকে শুক্রবার (৩ অক্টোবর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে মামলার শুনানির পরবর্তী কার্যক্রম নির্ধারণ হবে বলে জানা গেছে।
RK / SAIF




















