চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী ও শত বছরের পুরানো বাঘের কান্দা ঈদগাহ ময়দানের বার্ষিক নিলাম সম্পন্ন হয়েছে। হযরত শাহমিরান রহ. ও হযরত সাইদুর রহমান রহ.-এর স্মৃতিবিজড়িত এই ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে প্রতিবছরই এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে নিলাম কার্যক্রম আয়োজন করে আসছে।
শুক্রবার (৩ অক্টোবর ) বিকেলে পশ্চিম ঘনিয়া আল-আকসা মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত নিলামে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মহিন শেখ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা (১,৭৫,০০০ টাকা) দরপত্র দিয়ে এক বছরের জন্য ইজারা লাভ করেন।
নিলাম অনুষ্ঠানে শুধু ইজারা কার্যক্রমই নয়, বরং ঈদগাহের সার্বিক উন্নয়ন, মুসল্লিদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। বিশেষ করে ঈদগাহে টিনশেড ঘর, পানির ব্যবস্থা, আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেম আধুনিকায়নের দাবি উঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান পাটোয়ারী, ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মমিন ভূঁইয়া, কোষাধক্ষ মোঃ সাখাওয়াত পাটোয়ারী, সদস্য জাহাঙ্গীর পাটোয়ারী, কামরুল পাটোয়ারী, মোবারক পাটোয়ারী, স্থানীয় জনপ্রতিনিধি আল আমিন মেম্বার, সমাজসেবক তুহিন বেপারি, মাহিন বেপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও যুবসমাজ।
নিলাম কার্যক্রম পরিচালনা করেন শাহাদাত পাটোয়ারী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মহসিন কবির বাবু।
এ সময় বক্তারা বলেন, “ঐতিহাসিক বাঘের কান্দা ঈদগাহ শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি আমাদের আধ্যাত্মিক ঐতিহ্য ও সামাজিক মিলনস্থল। এ ঈদগাহকে আরও উন্নত করে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে।”
শত বছরের ঐতিহ্যের এই ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে এলাকার ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতার চিত্র ফুটে ওঠে এই নিলাম অনুষ্ঠানে।




















