চাঁদপুরের হাইমচর উপজেলায় বিষধর সাপের কামড়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। চিকিৎসকরা অ্যান্টিভেনম প্রয়োগ করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলার ঈশানবালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সোহেল গাজী (৩০)। তিনি হাইমচরের নিলকমল ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় একজন দুধ ব্যবসায়ী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, সাপের কামড়ের প্রায় দেড় থেকে দুই ঘণ্টা পর সোহেলকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে অ্যান্টিভেনম দেন। তবে কিছু সময় পরই তিনি মারা যান।
পরিবারের এক সদস্য বলেন, “সোহেলকে জীবিত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। অ্যান্টিভেনম দেওয়ার পরও কীভাবে সে মারা গেল, তা আমরা বুঝতে পারছি না।”
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুর রহমান জানান, “রোগীকে আনার সময় তিনি অচেতন অবস্থায় ছিলেন। মাথা সোজা রাখতে পারছিলেন না এবং চোখও খুলতে পারছিলেন না। অ্যান্টিভেনম মজুত ছিল, আমরা তা দ্রুত প্রয়োগ করেছি।”
স্থানীয়দের মতে, সাপে কামড়ের পর দ্রুত হাসপাতালে না এনে চিকিৎসা ও সঠিক চিকিৎসা ব্যবস্থার ঘাটতির কারণেই এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটছে। তারা হাসপাতালে বিশেষ সাপের বিষ চিকিৎসা ইউনিট স্থাপনের দাবি জানিয়েছেন।
rk/farhan




















