লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আগামীকাল রবিবার দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও চরমোনাই পীরের উত্তরসূরি মুফতি ফয়জুল করিম।
সকাল ১০টায় রামগঞ্জের জিয়া অডিটরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত (প্রশিক্ষণ সভা) অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম অংশগ্রহণ করবেন।
দিনের দ্বিতীয় আয়োজনে, বিকেলে বাংলাদেশ মুজাহিদ কমিটি রামগঞ্জ উপজেলার আওতাধীন ৪নং ইছাপুর ইউনিয়ন কমিটির উদ্যোগে ইছাপুরের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক মহাসমাবেশ ও ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান আলোচক হিসেবে ধর্মীয় বয়ান দেবেন মুফতি ফয়জুল করিম।
আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিল ও তারবিয়াত অনুষ্ঠানে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে মঞ্চ নির্মাণ, বিদ্যুৎ সংযোগ ও নিরাপত্তা ব্যবস্থার কাজ শেষ হয়েছে।
মাহফিল সফল করতে স্থানীয় মুসল্লি, যুব সমাজ ও সংগঠনের নেতৃবৃন্দ একযোগে কাজ করছেন। আয়োজকরা জানান, এসব অনুষ্ঠানের মাধ্যমে সমাজে ইসলামী মূল্যবোধ জাগ্রত করা, নৈতিকতা ও চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরা হবে।
ধর্মপ্রাণ মানুষদের মধ্যে ইতোমধ্যেই অনুষ্ঠান ঘিরে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
rk / saif




















