চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) গভীর রাতে আলীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে মঙ্গলবার রাত ১টা ২৫ মিনিটের দিকে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে আলীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তালিকাভুক্ত চারজন মাদক ব্যবসায়ী— মিঠু (১৮), রবিন (২০), রানা (২১) এবং অনিক (১৮)—কে গ্রেফতার করে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর সদস্যরা জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ স্থানীয়ভাবে পাওয়া গেছে।
অভিযান শেষে উদ্ধারকৃত মদসহ গ্রেফতারকৃতদের হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “যৌথ বাহিনীর অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
স্থানীয়রা যৌথ বাহিনীর এমন অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকার যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।




















