আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) দেশের বিভিন্ন আসনে তাদের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। ঘোষিত তালিকা অনুযায়ী, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির।
এলডিপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, দলীয় সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের অনুমোদনে এই প্রার্থীতার তালিকা প্রকাশ করা হয়। তালিকায় দেশের বিভিন্ন আসনে প্রেসিডিয়াম সদস্য, ভাইস-প্রেসিডেন্ট ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে আরও জানা যায়, ড. নেয়ামুল বশির দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় এবং দলের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি তিনি সমাজসেবা, শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।
হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা এলাকায় তার জনপ্রিয়তা ও সাংগঠনিক ভিত্তিকে কেন্দ্র করেই এলডিপি এবার নতুনভাবে নির্বাচনী কৌশল সাজাচ্ছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, ড. বশিরের নেতৃত্বে এলাকায় এলডিপি শক্ত অবস্থান গড়ে তুলতে চায়।
উল্লেখ্য, এলডিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত তালিকায় দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৮৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম ড. নেয়ামুল বশির, যিনি জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী ৫০ জনের একজন এবং চাঁদপুর জেলার একমাত্র রাজনৈতিক ব্যক্তি হিসেবে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন।
RK / SAIF




















