লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অবশেষে ধরা পড়েছে কুখ্যাত ডাকাত রাজন প্রকাশ জহিরুল ইসলাম রাজু (৩৮)। বৃহস্পতিবার ১৭ জুলাই গভীর রাতে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কামারহাট বাজার এলাকা থেকে তাকে আটক করে রামগঞ্জ থানা পুলিশ।
আটক রাজু রায়পুর উপজেলার সোনাপুর এলাকার নাছির আলী দালাল বাড়ির বাসিন্দা এবং রায়পুর উপজেলা শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি রায়পুর, রামগঞ্জসহ আশপাশের এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
রামগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে রাজু প্রকাশ রাজনকে আটক করে। তার বিরুদ্ধে রামগঞ্জ ও রায়পুর থানায় ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে মোট ৬টি মামলা চলমান রয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, “রাজুর বিরুদ্ধে একাধিক মামলার পরোয়ানা ছিল। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়েছি। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
স্থানীয়দের ভাষ্যমতে, রাজন প্রকাশ রাজু দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের নাম ছিল। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানায়
আরকে/ সাইফ




















