চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আবারও সফল অভিযান পরিচালিত হয়েছে হাজীগঞ্জে। মাদক ও অপরাধ দমনে জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা প্রতিদিনই নতুন মাত্রা পাচ্ছে।
গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৯ অক্টোবর সকাল ১১টা ১৫ মিনিটে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে একটি বিশেষ যৌথ দল অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় হাজীগঞ্জ উপজেলার ব্যস্ততম হাজীগঞ্জ বাজার এলাকায়। অভিযানে যৌথ বাহিনী দক্ষতার সঙ্গে অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ রবিউল করিম (৩৩) এবং সহযোগী জুথি খাতুন (২২)-কে আটক করে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানা গেছে।
অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ বোতল ফেনসিডিল, ৩০ গ্রাম গাঁজা, ৪টি মোবাইল ফোন এবং ১টি প্রাইভেট কার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য, মোবাইল, প্রাইভেট কারসহ গ্রেফতারকৃত দুইজনকে হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য।
একজন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বলেন, “চাঁদপুর জেলায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতা পেলে এ অভিযানে আরও সাফল্য আসবে।”
এদিকে স্থানীয় সচেতন নাগরিকরা যৌথ বাহিনীর এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
RK / SAIF




















