চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার ০১ নভেম্বর রাত ১১টার দিকে উপজেলার রন্ধুনী মুড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাজীগঞ্জসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা ও সেবনের মাধ্যমে একটি চক্র সক্রিয়ভাবে সমাজে অস্থিরতা সৃষ্টি করে আসছিল। এ বিষয়ে নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী একটি সমন্বিত অভিযান পরিচালনা করে। অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাহ আলম (৪০)-কে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালীন শাহ আলমের হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানা গেছে।
অভিযান শেষে উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত শাহ আলমকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
যৌথ বাহিনীর এক সদস্য জানান, “চাঁদপুর জেলায় চলমান মাদকবিরোধী অভিযান এখন আরও জোরদার করা হয়েছে। কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তার সামাজিক অবস্থান বা প্রভাব যাই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।”
উল্লেখ্য, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে সন্ত্রাসী, দুষ্কৃতিকারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়। এ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অসংখ্য মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল যৌথ বাহিনীর এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে হাজীগঞ্জসহ পুরো চাঁদপুর জেলা মাদকমুক্ত সমাজ গঠনের পথে এগিয়ে যাবে।
আরকে/ সাইফ




















