সর্বোত্তম ও আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর ২৩২তম শাখার শুভ উদ্বোধন হয়েছে চাঁদপুর জেলার হাজীগঞ্জে। সোমবার (৩ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় হাজীগঞ্জ পশ্চিম বাজারে অবস্থিত নতুন শাখা প্রাঙ্গণে এক সুধী সমাবেশের মাধ্যমে উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির ডিস্ট্রিবিউশন ও স্ট্র্যাটেজি বিভাগের প্রধান মো. রীদুয়ানুল হক, রিটেইল বিজনেস বিভাগের প্রধান মোহাম্মদ সফিকুর রহমান, চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হকসহ স্থানীয় ব্যবসায়ী নেতা, গণ্যমান্য ব্যক্তি ও ইউসিবির সদর দফতর ও হাজীগঞ্জ শাখার কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “ইউসিবির ইতিহাসে একটিও চেক বাউন্স হয়নি, এক মুহূর্তের জন্যও কোনো লেনদেন বন্ধ থাকেনি—এটাই আমাদের পেশাদারিত্ব ও গ্রাহক সেবার প্রতীক। এ বছরের প্রথম নয় মাসে ইউসিবি ১০ হাজার ১০০ কোটি টাকারও বেশি নেট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে এবং সাড়ে পাঁচ লাখেরও বেশি নতুন অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। এটি গ্রাহকদের আস্থা ও ভালোবাসারই প্রতিফলন।”
তিনি হাজীগঞ্জ শাখার টিমকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার হাজীগঞ্জে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একসময় এই অঞ্চল ছিল বড় বাণিজ্যকেন্দ্র। এখনও চাঁদপুর দেশের নবম বৃহত্তম রেমিট্যান্স গ্রহণকারী জেলা। এই সম্ভাবনাময় অঞ্চলের মানুষের জন্য ইউসিবি সর্বোত্তম ব্যাংকিং সেবা নিয়ে এসেছে, যাতে হাজীগঞ্জবাসী পায় তাদের প্রাপ্য সেবা, মর্যাদা ও আস্থা।”
তিনি হাজীগঞ্জ শাখা থেকে ইউসিবির সেবা গ্রহণের জন্য স্থানীয়দের আন্তরিক আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে সারাদেশে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে আসছে।
আরকে/ সাইফ




















