চাঁদপুরের কচুয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সোমবার ৩ নভেম্বর ভোরে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে কচুয়া উপজেলার সাচার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক ব্যবসায়ী আবিজ উদ্দিন (৫৫) কে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একইদিন সকালে অপর আরেকটি অভিযানে একই এলাকার মাদক ব্যবসায়ী আরিফ হোসেন (২০) কে গ্রেফতার করে যৌথ বাহিনী। তার কাছ থেকে ১১৮ পিস ইয়াবা ও নগদ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থসহ আটক দুই ব্যক্তিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরকে/ সাইফ




















