রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ: বিভ্রান্ত না হওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগ উঠেছে।
আজ ০৪ নভেম্বর সোমবার রুহুল কবির রিজভী এক বিবৃতিতে জানিয়েছেন, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে ফেসবুকে একটি বানোয়াট প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনি বলেন, “ফেসবুকে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। আমার স্বাক্ষরে বিএনপি দফতর থেকে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়নি।”
তিনি আরও বলেন, “এটি একটি চক্রান্তমূলক কাজ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে। দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”
বিএনপি নেতার দাবি, বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখা হবে এবং যেসব মহল এমন মিথ্যা প্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আরকে/ সাইফ




















