নোয়াখালীর কবিরহাটে দ্রুতগতির ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে সোনাপুর-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসা এলাকার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অটোরিকশার আরেক যাত্রী।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়।”
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, সোনাপুর-বসুরহাট সড়কটি জেলার অন্যতম ব্যস্ত সড়ক। এখানে ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দুর্ঘটনাপ্রবণ এই এলাকায় স্পিডব্রেকার স্থাপন ও ট্রাফিক পুলিশের উপস্থিতি বাড়ানোর দাবি জানিয়েছেন।
আরকে/ সাইফ




















